কোরবানির চামড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: চসিক মেয়র
কোরবানির চামড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: চসিক মেয়র
![]() |
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র Dr. Shahadat Hossain।
রোববার (১৭ মে) নগরভবনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় চামড়া ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, কোরবানির সময় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হতে পারে। তাই নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী বাইরের এলাকা থেকে চামড়া এনে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম কমানোর চেষ্টা করে। আবার অনেক মৌসুমি ব্যবসায়ী নির্ধারিত মূল্য না পেলে চামড়া রাস্তায় ফেলে চলে যায়, যা পরিবেশ দূষণ ও দুর্গন্ধ সৃষ্টি করে।
মেয়র আরও বলেন, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ এবং চামড়া সংরক্ষণ নিশ্চিত না করলে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে। তাই আগাম প্রস্তুতির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুদ রাখা, বাজারে লবণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং আড়তদারদের মাধ্যমে নির্ধারিত দামে চামড়া কেনাবেচা নিশ্চিত করতে হবে।
এছাড়া ঈদের দিন ও পরবর্তী দুই দিন নগরীতে বাইরের চামড়া প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং চেকপোস্ট বসানোর বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
সভায় চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে নানা প্রস্তাব তুলে ধরেন।
