প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রায়গঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৭১ হাজার পশু
রায়গঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৭১ হাজার পশু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৭১ হাজারের বেশি কোরবানির উপযোগী গবাদিপশু। লাভের আশায় দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে দিনরাত পরিশ্রম করছেন খামারিরা।
রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বিল ও নদীকূল এলাকায় প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন বেশি হওয়ায় এখানে গরু-ছাগল পালন তুলনামূলক সহজ ও কম ঝুঁকিপূর্ণ। ফলে প্রতি বছরই এ উপজেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক কোরবানির পশু সরবরাহ করা হয়।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এতে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও ভালো দামের আশায় পশু লালন-পালনে কোনো কমতি রাখছেন না খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, উপজেলার ৯টি ইউনিয়নে কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর মধ্যে রয়েছে ১৮,৫৪৬টি ষাঁড় ও বলদ, ৭৯৮টি মহিষ, ৪২,৬২৮টি ছাগল এবং ৯,১০০টি ভেড়া। সব মিলিয়ে মোট পশুর সংখ্যা প্রায় ৭১,০৭২টি।
তিনি আরও জানান, উপজেলায় কোরবানির চাহিদা রয়েছে প্রায় ২৬,৩২৮টি পশু। চাহিদা পূরণের পর অতিরিক্ত প্রায় ৪৪,৭৪৮টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, বিল ও নদীকূল এলাকায় প্রাকৃতিক ঘাসের প্রাচুর্য থাকায় রায়গঞ্জে স্বাস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে পশু পালন করা হয়। এ কারণে এ অঞ্চলের কোরবানির পশুর চাহিদা অন্যান্য উপজেলার তুলনায় বেশি।
জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
