শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরি স্থানান্তর নিয়ে প্রশ্ন! লাইব্রেরিয়ানকে ঘিরে অভিযোগ
শেশেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরি স্থানান্তর নিয়ে প্রশ্ন! লাইব্রেরিয়ানকে ঘিরে অভিযোগশেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ঐতিহাসিক জমিদারবাড়ির রংমহল ভবনে স্থাপিত লাইব্রেরি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগে সরকারি অর্থে সংস্কার করা ঐতিহাসিক এই ভবনে লাইব্রেরি চালু করা হলেও এখন সেটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
একই সঙ্গে এটিআইয়ের লাইব্রেরিয়ান মো. তরিকুল ইসলামকে ঘিরেও উঠেছে নানা অভিযোগ। তবে লাইব্রেরি স্থানান্তরের বিষয়টি আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছে এটিআই কর্তৃপক্ষ।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, লাইব্রেরিয়ান তরিকুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর তৎপরতায় রংমহল ভবন থেকে লাইব্রেরিটি পুনরায় আগের স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের দাবি, লাইব্রেরিটি সরিয়ে নেওয়া হলে দীর্ঘদিন অব্যবহৃত থাকা ঐতিহাসিক ভবনটি আবারও পরিত্যক্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি অর্থে করা সংস্কারকাজের সুফল ব্যাহত হওয়ার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাটির যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠবে।
এদিকে লাইব্রেরিয়ান তরিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্দিষ্ট কোম্পানির বই কিনতে প্রভাবিত করা, অসৌজন্যমূলক আচরণ, মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় এবং লাইব্রেরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার চুরি করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, এটিআইয়ের প্রায় ৬৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন কোম্পানির বই সংগ্রহে প্রভাবিত করা হয়। লাইব্রেরিকে বই বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করে প্রতিবছর বড় অঙ্কের অর্থের লেনদেন হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, তরিকুল ইসলাম ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তাঁদের অভিযোগ, কথিত রাজনৈতিক পরিচয়ের প্রভাব কাজে লাগিয়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের ওপর প্রভাব বিস্তার করতেন।
সরেজমিনে জানা যায়, রংমহল ভবনের একটি অংশে স্থাপিত লাইব্রেরিতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি একসময় জঙ্গলাকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল।
