আহলেহাদীছ আন্দোলনের আমীরের সাথে সৌজন্য সাক্ষাৎ
আহলেহাদীছ আন্দোলন ও জামায়াত আমীরের সাক্ষাৎ
আহলেহাদীছ আন্দোলনের আমীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার | আল-মারকাযুল ইসলামী আস-সালাফী |
মোঃ ইব্রাহীম খলিল
আজ শনিবার (১৬ মে ২০২৬) বেলা পৌনে ১১টায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে সংগঠনটির মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির চারজন সংসদ সদস্য— অধ্যাপক মুজীবুর রহমান, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম বুলবুল ও কেরামত আলী প্রমুখ।
সৌজন্য বৈঠকে ডা. শফিকুর রহমান সমাজ সংস্কার, বিশুদ্ধ ইসলামী দাওয়াত ও আদর্শিক নেতৃত্বে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ২০০৫ সালে অন্যায়ভাবে আমীরে জামাআতের কারাভোগের প্রসঙ্গ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং সে সময় যথাযথ প্রতিকারমূলক ভূমিকা রাখতে না পারাকে “সাংগঠনিক ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি দেশের একজন প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব ও মুরব্বী হিসেবে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের নিকট দোআ, দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিচ্যুতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা দ্বিধাহীনভাবে সংশোধন করে দেওয়ার অনুরোধও জানান।
এসময় প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ডা. শফিকুর রহমানকে “জেলখানার তোহফা” হিসেবে তাঁর রচিত কয়েকটি গ্রন্থ উপহার প্রদান করেন। মতবিনিময়কালে তিনি বলেন, গণতান্ত্রিক তাগুতী ব্যবস্থার মাধ্যমে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে দেশকে ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার পথে পরিচালনার লক্ষ্যে যে কোনো কল্যাণকর উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আব্দুল হালীম, শরীফুল ইসলাম মাদানী, রবীউল ইসলাম ও ড. নূরুল ইসলাম প্রমুখ।
━━━━━━━━━━━━━━━
📢 জনভূমি বার্তা
📰 মাটি ও মানুষের খবর
