মানবতার অনন্য দৃষ্টান্ত; মহাসড়ক থেকে মৃত পঁচা গরু অপসারণ করলো ‘বসন্তপুর ফাউন্ডেশন’
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ও নানকরা সীমানার মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা একটি মৃত পঁচা গরু অপসারণ করে চরম জনদুর্ভোগ থেকে সাধারণ মানুষকে মুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বসন্তপুর ফাউন্ডেশন’ ও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।
জানা গেছে, কয়েকদিন আগে বাতিসা ইউনিয়নের বসন্তপুর ও নানকরা গ্রামের মাঝামাঝি সীমানায় মহাসড়কের উপর কে বা কারা একটি মৃত গরু ফেলে যায়। মৃত গরুটি পঁচতে শুরু করলে তীব্র দুর্গন্ধে চারপাশের বায়ু দূষিত হয়ে পড়ে। এতে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে বেশ কিছু স্থানীয় মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটররা জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।
পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠন বসন্তপুর ফাউন্ডেশন এর নজরে আসার পর, আসন্ন পবিত্র ঈদুল আজহা ও মানবিক দিক বিবেচনা করে মৃত পঁচা গরুটি অপসারণের উদ্যোগ নেয়। সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহদাৎ হোসেনকে অবগত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবীদের জন্য দ্রুত ব্লিচিং ফাউডার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করেন।
বুধবার বসন্তপুর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ইয়াছিন আরাফাত, রাহুল ভূঁইয়া, রাসেদুল ইসলাম এবং তরুণ মানবিক কন্টেন্ট ক্রিয়েটর মোঃ তুহিন-এই চারজনের একটি টিম কঠোর পরিশ্রমের মাধ্যমে পঁচা গরুটি নিরাপদ স্থানে অপসারণ ও মাটি চাপা দেওয়ার কাজটি সফলভাবে সম্পন্ন করেন।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক সাড়া এবং বসন্তপুর ফাউন্ডেশনের তরুণদের এমন মানবিক ও সামাজিক দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ পথচারীরা।
