চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহচট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার পাঠানটুলীতে নিখোঁজের দুই দিন পর মাহমুদ খান মাশফিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি ১০ তলা ভবনের লিফটের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাশফিক ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের দাবি, ভবনের লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এছাড়া লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং মেকানিক না পাওয়ায় গত দুই দিন কেউ লিফটের কাছে যাননি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।
মো. জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের দরজা কেটে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
