হাকিমপুরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
হাকিমপুরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনসমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হচ্ছে। কোনো মানুষ যেন অভুক্ত না থাকে এবং চিকিৎসাসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। শিশু নির্যাতন কিংবা ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
সভা শেষে বিভিন্ন মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জার জন্য মোট ১৭ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি মোঃ শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল, সাবেক সহ-সভাপতি মোছাঃ পারুল নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
