কপাল পুড়তে যাচ্ছে বিজয়ের, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি
কপাল পুড়তে যাচ্ছে বিজয়ের, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি![]() |
| থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত |
ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনকে কেন্দ্র করে নাটকীয় রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ঘোষণা দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের উদ্যোগ নিলে তাদের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি জানায়েছে, ডিএমকে ও এআইএডিএমকের সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, দুই দ্রাবিড় দল এক হয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারে। এতে নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দল হয়েও টিভিকে সরকার গঠনের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক সুযোগ তাদেরই পাওয়া উচিত।
তবে বৃহস্পতিবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দেননি। গভর্নর জানিয়েছেন, টিভিকের কাছে এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। বিজয় যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরিকল্পনা তুলে ধরেছিলেন, সেটিও গ্রহণ করেননি গভর্নর।
সূত্র জানায়, টানা দুই দিনের বৈঠকের দ্বিতীয় দিনে গভর্নর স্পষ্টভাবে জানান, সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।
রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রমাণিত হয়নি।’
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে বর্তমানে ১০৭টি আসন পেয়েছে। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন থাকলেও এখনো সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে দলটি। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে টিভিকে।
এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে)। বৃহস্পতিবার দলের বৈঠকে চারটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে একটি প্রস্তাবে দলীয় প্রধান এম কে স্ট্যালিনকে ‘জরুরি সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
ডিএমকে বলেছে, ‘আমাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ না দেওয়া।’ দলটি পরিস্থিতিকে ‘জটিল সংকট’ উল্লেখ করে ১০ মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে।
এনডিটিভিকে ডিএমকের শীর্ষ সূত্র জানিয়েছে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) প্রধান এডাপ্পাডিকে পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার একটি সম্ভাব্য সমীকরণ নিয়েও আলোচনা চলছে।
তবে ডিএমকের ভেতরেও এ নিয়ে মতভেদ রয়েছে। উদয়নিধি স্ট্যালিনপন্থি তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি এম জি রামচন্দ্রনর মতো দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
This theme has been developed by JANABHUMIBARTA.
