মাদক ও অন্যায়ের বিরুদ্ধে নীরবতা সমাজের জন্য হুমকি — সচেতন মহলের উদ্বেগ
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:
সমাজে মাদক, জুয়া, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ দিন দিন ভয়াবহ আকার ধারণ করলেও, সামর্থ্য থাকার পরেও অনেক প্রভাবশালী ব্যক্তি এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন না— এমন অভিযোগ তুলেছেন সচেতন মহল।
তাদের মতে, যশ, খ্যাতি কিংবা সামাজিক অবস্থান হারানোর আশঙ্কায় অনেকেই মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পান। অথচ সমাজের উঁচু স্থানে থাকা ব্যক্তিদের নীরবতা অপরাধীদের আরও সাহসী করে তুলছে।
একজন সচেতন নাগরিক বলেন,
“সামর্থ্য থাকার পরেও যারা মরণনেশা মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন না, শুধু নিজের অবস্থান বা জনপ্রিয়তা হারানোর ভয়ে নীরব থাকেন— তাদের সামাজিক উচ্চ অবস্থানও শ্রদ্ধার দাবি রাখতে পারে না।”
তিনি আরও বলেন, সত্য কথা বলার কারণে হেনস্থা, সমালোচনা কিংবা নিন্দার শিকার হতে হতে পারে জেনেও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।
“নিন্দা আসবে, বাধা আসবে— তবুও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি হাসিমুখে সব সমালোচনা গ্রহণ করে নিজেকে প্রস্তুত রেখেছি,” — এমন মন্তব্যও করেন তিনি।
সচেতন মহল মনে করছে, সমাজে অপরাধ বাড়তে থাকলে তার প্রভাব থেকে কেউই রেহাই পাবে না। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও অস্থিরতাও বাড়বে।
তাদের ভাষ্য, সময় থাকতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নীরবতা কখনো সমাধান নয়; বরং অপরাধ দমনে সাহসী সামাজিক প্রতিরোধই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।
This theme has been developed by JANABHUMIBARTA.