নড়াইল সদরে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল কোডিন মিশ্রিত উইনসেরেক্সসহ নারী আটক, পলাতক ১
নড়াইল সদরে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল কোডিন মিশ্রিত উইনসেরেক্সসহ নারী আটক, পলাতক ১
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নড়াইলের উদ্যোগে নড়াইল সদর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৫ বোতল কোডিন মিশ্রিত উইনসেরেক্সসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করা হলেও তিনি পলাতক রয়েছেন।
শুক্রবার নড়াইল সদর উপজেলার চামরুল (উত্তর পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের নির্দেশনায় পরিদর্শকের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয়ভাবে পরিচিত মাদক কারবারি শুকুরোন বেগম (৫৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুকুরোন বেগমের স্বামী নুর মিয়া এবং পিতা মোসলেম মোল্লা। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার চামরুল (উত্তর পাড়া) গ্রামে।
অভিযানে উদ্ধার করা হয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য WINCEREX এর মোট ৩৫ বোতল। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদক উপাদান রয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক অভিযুক্ত হিসেবে নুর মিয়া (৬৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি পানজু মোল্লার ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৪(খ) ধারা অনুযায়ী নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি
