চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণকুমিল্লা অঞ্চল টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার কৃষক গ্রুপগুলোর মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বিতরণকৃত যন্ত্রপাতিগুলো সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করারও আহ্বান জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ৭টি কৃষক গ্রুপের মাঝে ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৩১টি গ্রুপের মাঝে ৩১টি স্প্রে মেশিন এবং ১৩টি গ্রুপের মাঝে ১৩টি এলএলপি ও ফিতা পাইপ বিতরণ করা হয়।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
