টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ ও ২০ ব্যাচের উদ্যোগে চতুর্থ বারের মতো জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও হাতি নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
র্যালি অংশগ্রহণ করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্রীড়াপ্রেমী যুবকরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতি, ব্যান্ডপার্টি, বাদ্যযন্ত্র ও রঙিন সাজসজ্জায় পুরো এলাকা উৎসবমূখর হয়ে ওঠে। এ সময় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ আজ বিকেল ৪ ঘটিকায় (২৯ মে ২০২৬) অনুষ্ঠিত হবে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন আয়োজন দেখতে পেরে তারা আনন্দিত। হাতি নিয়ে শোডাউন ও ফুটবল টুর্নামেন্ট ঘিরে পুরো কালিহাতীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটির সদস্যরা।
