প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালী—মরদেহ দেশে পৌঁছেছে
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে বৈরুত থেকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
জানা গেছে, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিজের নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের বিমান হামলার শিকার হন দিপালী। ওই হামলায় তার নিয়োগকর্তা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হন।
মরদেহ গ্রহণের সময় প্রতিমন্ত্রী জানান, দিপালীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, অর্থ দিয়ে এ ক্ষতি পূরণ সম্ভব নয়, তবে সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
সরকারি তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে এ পর্যন্ত আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে। অন্যদের মধ্যে একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও চলমান।
মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ হিসেবে যুদ্ধ পরিস্থিতি, সীমিত ফ্লাইট চলাচল এবং কূটনৈতিক প্রক্রিয়ার জটিলতার কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
