শিরোনাম ::
শিরোনাম ::

টোল আদায়ের নামে চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ৫ ঘণ্টা সড়ক ধর্মঘট

জনভূমি বার্তা নিউজ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...





 দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর পৌরসভা এলাকার সড়ক ও মহাসড়কে টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ডাকা ট্রাক মালিক ও ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সড়ক ধর্মঘটে প্রায় পাঁচ ঘণ্টা অচল হয়ে পড়ে জেলার সড়ক-মহাসড়ক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।


রোববার (১০ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে দিনাজপুর জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন।


বেলা ১১টার দিকে দিনাজপুর শহরের নয়নপুর পিডিবি মোড় এলাকায় দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং-রাজ-২৪৫) কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে দিনাজপুর ট্রাক মালিক ও ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।


তিনি জানান, ধর্মঘট চলাকালে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে শ্রমিক নেতাদের আশ্বস্ত করেন এবং পৌর প্রশাসককে অবিলম্বে টোল আদায় বন্ধের নির্দেশ দেন। পরে পৌর প্রশাসকের পক্ষ থেকে একটি লিখিত আদেশ প্রদান করা হয়, যেখানে উল্লেখ করা হয়— সংসদ সদস্য দিনাজপুরে না আসা পর্যন্ত পৌর টোল আদায় কার্যক্রম বন্ধ থাকবে।


এছাড়া মালিক-শ্রমিক প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও পৌরসভার সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিষয়টির স্থায়ী সমাধানে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল হকসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।


ধর্মঘট চলাকালে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক থেকে টোলের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


তারা আরও জানান, দিনাজপুর শহরে প্রবেশ করলেই ট্রাকচালকদের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অনেক ক্ষেত্রে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।


দিনাজপুর ট্রাক শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, “প্রশাসনের আশ্বাসে আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”


ধর্মঘট প্রত্যাহারের পর ধীরে ধীরে জেলার সব সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন